প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে এমএসএফ প্রতিনিধিদলের বৈঠক
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে সংস্থাটির চলমান মানবিক ও চিকিৎসা কার্যক্রম এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে এমএসএফের জরুরি স্বাস্থ্যসেবা, মানবিক সংকটে চিকিৎসা সহায়তা এবং মাঠপর্যায়ে সংস্থাটির কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা দিয়ে আসায় এমএসএফের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দুর্যোগ ও বিভিন্ন মানবিক সংকটের সময়ে মানুষের জীবন রক্ষা এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ।
আলোচনায় দুর্যোগ, বাস্তুচ্যুতি, রোগের প্রাদুর্ভাবসহ জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর করার সুযোগ নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
এমএসএফ প্রতিনিধিদল বাংলাদেশে তাদের বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা এবং মানবিক স্বাস্থ্যসেবা দিতে গিয়ে মাঠপর্যায়ে যেসব বাস্তবতার মুখোমুখি হতে হয়, তা তুলে ধরে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দেশে সংস্থাটির কার্যক্রম অব্যাহত ও আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চিকিৎসা ও জরুরি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সরকার এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে স্বাস্থ্য ও মানবিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইম ছাড়াও বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের রিজিওনাল হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স লিড আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন। শেষে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে এমএসএফের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
মতামত দিন