Views Bangladesh Logo

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ম্রো ভাষার চলচ্চিত্র 'কিওরি পেক্রা উও'

বাংলাদেশের ম্রো ভাষার চলচ্চিত্র ‘কিওরি পেক্রা উও’ (ইংরেজি নাম: ডিয়ার মাদার) ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন এস কে শুভ সাদিক।

শুভ সাদিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিনেমাটি বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ আয়োজিত প্রদর্শনীতে দেখানো হবে।

৬৭ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরাসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

পরিচালক সাদিক বলেন, ‘এটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি একটি প্রতিরোধের বার্তা, যা প্রমাণ করে যে সিনেমা শুধু বিনিয়োগকারীদের সম্পত্তি নয়, বরং এটি তাদের সাহসীভাবে নিজেদের গল্প বলে। আমরা সীমিত বাজেটে কাজ করেছি, কিন্তু প্রমাণ করেছি যে সিনেমার সফলতা টাকার পরিমাণে নয় বরং এর ক্ষমতা এবং হারিয়ে যাওয়া কণ্ঠগুলো সংরক্ষণ করার মধ্যে।’

সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাইয়েদ শাহজাদা আল করীম, চিত্রগ্রহণ করেছেন হাসনাত সোহান, শিল্প নির্দেশনা দিয়েছেন নিশাত রাফা এবং চিত্র সম্পাদনা করেছেন বায়েজীদ খান। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মশিউর রহমান এবং সহকারী পরিচালক ছিলেন উত্তম মারমা উচিং।

চলচ্চিত্রটি বর্তমানে কোরিয়ার অপোরিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশন পেয়েছে এবং এটি আমস্টারডামের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল সায়েন্স কর্তৃক সংরক্ষিত হয়েছে, যাতে ভবিষ্যতে এটি গবেষক এবং চলচ্চিত্রপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ