ফোর্বসের কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় টানা পঞ্চমবার শীর্ষে মিস্টারবিস্ট
ইন্টারনেটের সবচেয়ে প্রভাবশালী কনটেন্ট ক্রিয়েটদের নিয়ে ফোর্বসের সর্বশেষ তালিকায় টানা পঞ্চমবারের মতো শীর্ষে রয়েছেন জেমস স্টিফেন ডোনাল্ডসন, যিনি মিস্টারবিস্ট নামেই বেশি পরিচিত। গত এক বছরে তাঁর আয় ৩০ কোটি ডলার, যা তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা নির্মাতার প্রায় সাড়ে চার গুণ।
ফোর্বসের হিসাব অনুযায়ী, তালিকার শীর্ষ ৫০ জন নির্মাতা মিলে গত এক বছরে আয় করেছেন ১০২ কোটি ডলার। তালিকাটি প্রকাশের পাঁচ বছরের ইতিহাসে এবারই প্রথম সম্মিলিত আয় ১০০ কোটি ডলার ছাড়াল। আগের বছর এই অঙ্ক ছিল ৮৫ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ এক বছরে বেড়েছে ২০ শতাংশ। আর ২০২২ সালে প্রথম তালিকা প্রকাশের সময় সম্মিলিত আয় ছিল ৫৭ কোটি ডলার; সেই হিসাবে চার বছরে বৃদ্ধি ৮০ শতাংশ।
মিস্টারবিস্টের ইউটিউব চ্যানেলগুলোর গ্রাহকসংখ্যা ৬৪ কোটির বেশি, আর সব প্ল্যাটফর্ম মিলিয়ে তাঁর অনুসারী ৮৭ কোটি ৩০ লাখ। ইউটিউবের বাইরেও তাঁর ব্যবসার পরিধি বিস্তৃত—উৎপাদন প্রতিষ্ঠান বিস্ট ইন্ডাস্ট্রিজ, চকলেট ব্র্যান্ড ফিস্টেবলস, খাদ্যপণ্য লাঞ্চলি, বিশ্লেষণ প্ল্যাটফর্ম ভিউস্ট্যাটস এবং অ্যামাজন প্রাইমের রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ধর মান, যাঁর আয় ৬ কোটি ৫০ লাখ ডলার। তৃতীয় স্থানে ব্রিটিশ উদ্যোক্তা ও পডকাস্ট উপস্থাপক স্টিভেন বার্টলেট (৫ কোটি ২০ লাখ ডলার), চতুর্থ স্থানে গেমিং নির্মাতা মার্কিপ্লায়ার (৩ কোটি ৮০ লাখ ডলার) এবং পঞ্চম স্থানে কৌতুক জুটি রেট অ্যান্ড লিংক (৩ কোটি ৭০ লাখ ডলার)। শীর্ষ দশে আরও আছেন কোডি সানচেজ, মার্ক রোবার, আইশোস্পিড, ড্রাস্কি ও চার্লি ডি’আমেলিও।
ফোর্বস বলছে, শীর্ষ নির্মাতারা এখন কেবল সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই; তাঁরা স্ট্রিমিং, প্রকাশনা, বিজ্ঞাপন, প্রযুক্তি ও ভোগ্যপণ্যের ব্যবসায় ছড়িয়ে পড়ছেন। সংস্থাটির ভাষায়, কনটেন্ট নির্মাণের অর্থনীতি এখন আর বিনোদনশিল্পে ঢোকার চেষ্টা করছে না—এটি নিজেই বিনোদনশিল্প হয়ে উঠেছে।
২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ের প্রাক্কলিত মোট আয়ের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। এর পাশাপাশি নির্মাতাদের দর্শকসংখ্যা, সম্পৃক্ততা ও ব্যবসায়িক সাফল্যও বিবেচনায় নেওয়া হয়েছে।
মতামত দিন