Views Bangladesh Logo

সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু

দেশের লাখো শিশুকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে সারাদেশে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক সংলগ্ন লিটল অ্যাঞ্জেল সেমিনারি স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে পেরেছি। শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর করে সুস্থ থাকা সম্ভব নয়। মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘মায়ের দুধ শিশুদের জন্য সবচেয়ে কার্যকর প্রতিরোধক হিসেবে কাজ করে এবং এটি বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।’

অনুষ্ঠানে জানানো হয়, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সকল স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী আনুমানিক ১ কোটি ৮০ লাখ শিশুকে এমআর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


ইপিআই কর্মকর্তাদের তথ্যমতে, দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সকল অঞ্চলে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুরো কর্মসূচিটি কয়েকটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ের কার্যক্রম গত ৫ এপ্রিল নির্দিষ্ট কিছু এলাকায় শুরু হয়, যা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্যায়ে গত ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে শুরু হওয়া টিকাদান কর্মসূচি চলবে ১২ মে পর্যন্ত। এছাড়া ২০ এপ্রিল থেকে শুরু হওয়া দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন দেশের অধিকাংশ স্থানে ১২ মে এবং সিটি করপোরেশন এলাকাগুলোতে ২০ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন যে, যেসব শিশু বর্তমানে অসুস্থ বা জ্বরে ভুগছে, তাদের এই মুহূর্তে টিকা দেওয়া যাবে না। তারা সম্পূর্ণ সুস্থ হওয়ার পর এই টিকা গ্রহণ করতে পারবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ