Views Bangladesh Logo

রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান শুরু

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় মোট ৪৩৮টি  কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আজ থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এর মাধ্যমে রাজশাহী মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৮০টি কেন্দ্র ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ সর্বমোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।

এ ছাড়াও হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে বলেও জানান রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, রাসিকের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও আরএমপি‘র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ