চার সিটিতে হামের টিকাদান কর্মসূচি শুরু আজ, পাবে ১২ লাখ শিশু
দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (১১ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল—এই চার সিটি করপোরেশন এলাকায় একযোগে শুরু হচ্ছে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। এই কার্যক্রমের আওতায় মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই বিশেষ কর্মসূচি আগামী ১১ মে পর্যন্ত চলমান থাকবে। এলাকাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ লাখ ৪৭ হাজার, উত্তর সিটিতে ৪ লাখ ৬৫ হাজার ৯৮ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনে ৬২ হাজার এবং বরিশাল সিটি করপোরেশনে ৪৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে। সিটি করপোরেশন এলাকাগুলোর পর আগামী ২০ এপ্রিল থেকে দেশজুড়ে এই কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের।
আজ সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কড়াইল বস্তির এরশাদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত।
এদিকে গত কয়েকদিনে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ৮৮৮ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী রয়েছেন ৮০ জন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৬৩ জন এবং মোট ১৪ হাজার ৩৮৫ জন রোগী হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে দুই হাজার ৪৮৯ জনের শরীরে। এছাড়া এখন পর্যন্ত নিশ্চিত হামে ২৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৪৫ জনসহ মোট ১৬৯ জনের মৃত্যু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে