বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদে প্রশাসনের এক সভায় সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান অতিথির আসনে বসানোকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)কে বদলি করা হয়েছে।
গত রোববার জারি করা পৃথক প্রজ্ঞাপনে ইউএনও লিটন দেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।
এর আগে ২৬ ফেব্রুয়ারি বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া প্রধান অতিথির আসনে বসেন এবং বক্তব্য দেন।
সভাটির একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, সিমি কিবরিয়ার এক পাশে ইউএনও লিটন দে এবং অন্য পাশে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম ও বাহুবল থানার ওসি সাইফুল ইসলাম বসে আছেন। সরকারি আয়োজনে জনপ্রতিনিধির পরিবারের সদস্যের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ও বক্তব্য দেওয়া নিয়ে আইনি বৈধতা প্রশ্নে আলোচনা শুরু হয়।
সমালোচনার একদিন পরই ইউএনও ও এসিল্যান্ডের বদলির প্রজ্ঞাপন জারি হয়।
বিষয়টি নিয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, ইউএনওর আমন্ত্রণে তিনি সভায় উপস্থিত ছিলেন এবং এটি একটি পরিচিতি সভা ছিল।
ইউএনও লিটন দে দাবি করেন, বদলির সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই। এটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ।
হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, এটি আনুষ্ঠানিক প্রশাসনিক সভা ছিল না, বরং পরিচিতিমূলক আয়োজন। বদলির বিষয়টিও রুটিন প্রক্রিয়ার অংশ। একসঙ্গে দুজনের বদলি কাকতালীয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ২৫ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলা পরিষদে নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভা শুরুর কিছুক্ষণ পর এমপি সভাস্থল ত্যাগ করলে তার স্ত্রী সিমি কিবরিয়া প্রধান অতিথির আসনে বসে বক্তব্য দেন এবং পরে উপজেলা পরিষদ এলাকা ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে