Views Bangladesh Logo

সৈয়দপুরে পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাকবিতণ্ডা

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে সদ্য উদ্বোধন করা একটি পরিদর্শন কক্ষের নামফলক কেন্দ্র করে জাতীয় সংসদের দুই সংসদ সদস্যের (এমপি) মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ঘটে যাওয়া এই ঘটনায় সেখানে উপস্থিত অতিথি ও সরকারি কর্মকর্তারা কিছুক্ষণের জন্য হতবাক হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই পরিদর্শন কক্ষের নামফলকে কেবল স্থানীয় নির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেখে আপত্তি জানান সংরক্ষিত নারী আসনের এমপি বিলকিস ইসলাম। তাকে প্রধান অতিথি না করা এবং ফলকে শুধুমাত্র একজন এমপির নাম অন্তর্ভুক্ত করার কারণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিলকিস ইসলাম হুঁশিয়ারি দেন যে, বিষয়টি তিনি জাতীয় সংসদে তুলবেন এবং আইনি ও রাজনৈতিকভাবে এর সুরাহা করবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় নেতাকর্মীসহ উপস্থিত অনেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও প্রায় এক ঘণ্টা ধরে এই বিতর্ক চলে।

অন্যদিকে নামফলকের বিষয়ে নিজের অবস্থানের সপক্ষে যুক্তি দিয়ে এমপি মুনতাকিম জানান, সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো নির্বাচনি এলাকা বরাদ্দ থাকে না। ফলে তাদের নামে পৃথক পরিদর্শন কক্ষের সুযোগ নেই।

তিনি উল্লেখ করেন, এই সুবিধাটি সংসদের ৩৫০ জন এমপির জন্যই উন্মুক্ত, তবে এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিধিসম্মতভাবেই নামফলকে তার নাম যুক্ত করা হয়েছে।

একই সঙ্গে একটি সরকারি কর্মসূচিতে দলীয় সমর্থকদের সমাগম ঘটানো এবং উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতির সমালোচনা করে একে অনভিপ্রেত বলে মন্তব্য করেন এমপি মুনতাকিম।

এ ঘটনার সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর প্রতিনিধি, অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা।

এ ব্যাপারে ইউএনও ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, সংসদ সদস্যদের জন্যই পরিদর্শন কক্ষটি প্রস্তুত করা হয়েছে। কক্ষটি ব্যবহারের বিষয়টি সংশ্লিষ্ট সংসদ সদস্যদের এখতিয়ারভুক্ত।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ