Views Bangladesh Logo

১০ এপ্রিলের মধ্যে এমপিদের বাসভবন বরাদ্দ: চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, অধিকাংশ সংসদ সদস্যকে আবাসন সুবিধার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, চিফ হুইপ ও হুইপদের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা রয়েছে, আর অন্যান্য সদস্যদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সংসদ সদস্যদের জন্য প্রয়োজনীয় আসবাব ও অন্যান্য সামগ্রী ক্রয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ১০ এপ্রিলের মধ্যেই বাসা বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অগ্রগতি পর্যালোচনায় আগামী ৩০ মার্চ আবারও কমিটির বৈঠক হবে।

এদিকে, সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটির বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে। গত ১২ মার্চ শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরদিনও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

চিফ হুইপ জানান, এ ঘটনার তদন্তে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, এতে নাশকতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের কারিগরি সমস্যার সমাধানে বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, হেডফোন ব্যবস্থার উন্নয়নও করা হবে, কারণ বর্তমান ব্যবস্থাটি ব্যবহার করতে সংসদ সদস্যদের অসুবিধা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের উদ্বোধনী দিনে নুরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের সংসদ কমিটি গঠন করা হয়। সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করাই এ কমিটির প্রধান দায়িত্ব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ