এমপিদের ফোন ‘ক্লোন’ করে টাকা চেয়ে চিফ হুইপকে কল
মোবাইল নম্বর ‘ক্লোন’ করে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছেন সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনের অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এ সতর্কবার্তা দেন।
নুরুল ইসলাম মনি বলেন, ‘আমি কাল এখানে বসে পেয়েছি, আমাদের তিনজন সংসদ সদস্য আমাকে ফোন করে বলেছেন, জরুরিভিত্তিতে ৫০ হাজার টাকা পাঠান, ৩০ হাজার টাকা পাঠান, ২৫ হাজার টাকা পাঠান। তিনটা ফোন থেকে আসছে, তিনজনই মাননীয় সংসদ সদস্য।’
তিনি বলেন, যেসব নম্বর থেকে ফোন এসেছে, সেগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। তাদের ফোন করলেও কেউ ধরেননি। পরে জানতে পারেন, ফোনগুলো হ্যাক করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফোন নম্বর ক্লোন করে এ ধরনের প্রতারণা প্রতিরোধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হবে কি না, তা চিফ হুইপের কাছে জানতে চান তিনি।
জবাবে নুরুল ইসলাম মনি বলেন, বিষয়টি নিয়ে গতকালই কথা বলেছেন তিনি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানতে পেরেছেন।
মতামত দিন