Views Bangladesh Logo

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমিয়ে আনার অংশ হিসেবে সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়।

অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এতদিন পর্যন্ত সংসদ সদস্যরা বিদেশ থেকে গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর ছাড় সুবিধা ভোগ করতে পারতেন। তবে নতুন আইনের মাধ্যমে সেই সুবিধা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এখন থেকে এমপিদেরও সাধারণ নাগরিকদের মতো নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করে গাড়ি আমদানি করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে বৈষম্য কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিল পাসের সময় সংসদে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে এই পদক্ষেপকে স্বাগত জানান।

বিলটি উত্থাপন ও প্রক্রিয়াকরণে অংশ নেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি সংসদে বিলটি উপস্থাপন করেন, যা পরে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনটির কার্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সংসদ সূত্রে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ