Views Bangladesh Logo

স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘নিজ নিজ ধর্মীয় রীতিতে’ প্রদর্শনের নির্দেশ

জাতীয় সংসদের সদস্যরা এখন থেকে সংসদের অধিবেশন চলাকালে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শনের রুলিং দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে দেওয়া এই রুলিংয়ে স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৭(১) ধারায় সংসদ কক্ষে প্রবেশ, প্রস্থান, আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা আছে। তবে আগে বিধিতে ‘ঝুঁকিয়া’ শব্দটি ছিল, যা ২০০৬ সালের সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়। সেই পরিবর্তনের কারণে এখন আর নির্দিষ্ট কোনো শারীরিক ভঙ্গি বাধ্যতামূলক নয় বলে তিনি ব্যাখ্যা দেন।

তিনি আরও বলেন, যেহেতু আগের নির্দিষ্ট শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই সংসদ সদস্যরা এখন থেকে তাদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

সংসদে গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে সংসদ কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় অনেক সদস্য মাথা নত করে সম্মান জানানোর প্রচলন নিয়ে প্রশ্ন ওঠে।

বিষয়টি প্রথম পয়েন্ট অব অর্ডারে উত্থাপন করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি সংসদে বলেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে মাথা নত করে সম্মান প্রদর্শন নিয়ে আপত্তি রয়েছে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আগের কার্যপ্রণালী বিধিতে ‘ঝুঁকিয়া’ শব্দটি থাকলেও তা পরে বাদ দেওয়া হয়েছে, তাই বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন।

এরপর সংসদে এ নিয়ে আরও আলোচনা হয়। বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক বলেন, সংসদ সদস্যদের মধ্যে এ বিষয়ে বিভ্রান্তি রয়েছে এবং একটি স্পষ্ট দিকনির্দেশনা না থাকায় বিভিন্ন ধরনের আচরণ দেখা যাচ্ছে। তিনি স্পিকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনা করে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান।

স্পিকার তার রুলিংয়ে জানান, সংসদের কার্যপ্রণালী বিধি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এবং আগের মতো নির্দিষ্ট শারীরিক ভঙ্গি আর বাধ্যতামূলক নয়। তাই সদস্যদের ধর্মীয় ও ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী সম্মান প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, সংসদ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এখানে বিভিন্ন ধর্ম ও মতের সদস্য রয়েছেন। তাই সবাই যাতে স্বাচ্ছন্দ্যে এবং মর্যাদার সঙ্গে সংসদ কার্যক্রমে অংশ নিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ