বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট ঋণের পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা, যা আগের চারটি সংসদের তুলনায় সর্বোচ্চ।
সোমবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য তুলে ধরা হয়।
টিআইবির তথ্য অনুযায়ী, নবম সংসদে এমপিদের মোট ঋণ ছিল ১,১০৭ কোটি টাকা। দশম সংসদে তা বেড়ে দাঁড়ায় ৩,৬২৪ কোটি টাকা, একাদশ সংসদে ৬,৪২৩ কোটি টাকা এবং দ্বাদশ সংসদে ১০,৩৯২ কোটি টাকা। সর্বশেষ ত্রয়োদশ সংসদে এই অঙ্ক আরও বৃদ্ধি পেয়ে ১১,৩৫৬ কোটি টাকায় পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ সংসদের প্রায় অর্ধেক সদস্য ঋণগ্রস্ত। দলভিত্তিক হিসাবে বিএনপির এমপিদের মধ্যে ৬২ দশমিক ০২ শতাংশ এবং জামায়াতে ইসলামীর ক্ষেত্রে ১৫ দশমিক ৯৪ শতাংশ ঋণের তথ্য পাওয়া গেছে।
সংসদভিত্তিক তুলনায় ঋণগ্রস্ত সদস্যের হার নবম সংসদে ছিল ৫৩ দশমিক ৬৮ শতাংশ, দশমে ৫৬ দশমিক ০১ শতাংশ, একাদশে ৫১ দশমিক ৩০ শতাংশ, দ্বাদশে ৫২ শতাংশ এবং ত্রয়োদশ সংসদে তা কিছুটা কমে ৪৯ দশমিক ৮৩ শতাংশে নেমে এসেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে