এমপক্স নতুন কোভিড নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনা মহামারির পর বিশ্বজুড়ে বর্তমানে আরেক উদ্বেগের নাম এখন এমপক্স (মাঙ্কিপক্স)। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এমপক্স নতুন বা পুরনো ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, এটি নতুন কোভিড নয়।
তারা বলছে, কর্তৃপক্ষ জানে কীভাবে এর বিস্তার নিয়ন্ত্রণ করা যায়।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হ্যান্স ক্লুজ বলেছেন, ‘আমরা একসাথে এমপক্স মোকাবেলা করতে পারি এবং অবশ্যই করতে হবে। সুতরাং আমরা কি বিশ্বব্যাপী এমপক্স নিয়ন্ত্রণ ও নির্মূল করার জন্য ব্যবস্থাগুলো কার্যকর করাকে বেছে নেব? নাকি আমরা আতঙ্ক ও অবহেলার আরেকটি চক্রে প্রবেশ করব? আমরা এখন কীভাবে প্রতিক্রিয়া জানাব তা আগামী বছরগুলোতে ইউরোপ ও বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে।’
ক্লুজ আরও জানান, নতুন ক্লেড ওয়ান ভ্যারিয়েন্টর ওপর নজরদারি ইউরোপকে আরও ভাল জনস্বাস্থ্য পরামর্শ এবং কম গুরুতর ক্লেড টু ভ্যারিয়েন্টের ওপর নজরদারির সুযোগ করে দিয়েছে। ইউরোপীয় অঞ্চলে এখন প্রতি মাসে ক্লেড টু এমপক্স ভ্যারিয়েন্টের প্রায় ১০০ নতুন সংক্রমণের তথ্য জানা যাচ্ছে।
মতামত দিন