Views Bangladesh Logo

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

মপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করেছেন সারাদেশের শিক্ষকরা। সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত শিক্ষক অংশ নেন।

শিক্ষকরা জানিয়েছেন, বহু বছর ধরে তারা সরকারের প্রতিশ্রুত সুবিধা পাওয়ার অপেক্ষায় আছেন। তাদের প্রধান দাবি— এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ জাতীয়করণ করা। পাশাপাশি তারা শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা প্রদানের দাবি তুলেছেন।

মহাসমাবেশ শেষে শিক্ষকরা সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন বলে ঘোষণা দেন আয়োজকরা। তাদের দাবি— শিক্ষাখাতকে শক্তিশালী করতে এবং শিক্ষক সমাজকে সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে অবিলম্বে এসব দাবির বাস্তবায়ন প্রয়োজন।

সমাবেশকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথ ও জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটসহ সংবেদনশীল এলাকায় সভা, মিছিল, অবস্থান কর্মসূচি ও ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করেছে।

ডিএমপি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ১৩ আগস্ট থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে। পাশাপাশি, তারা সব পক্ষকে সড়ক অবরোধ বা যান চলাচলে বিঘ্ন না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে দাবি জানানোর আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ