Views Bangladesh Logo

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিছিল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেলিমুজ্জামানের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করেন। পরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

ঘটনার পর কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়ার সঙ্গে সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দেওয়া হয়।

টানা তিন দিনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যদের বাড়ি ও স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এস এম জিলানী গোপালগঞ্জ-৩, ডা. কে এম বাবর গোপালগঞ্জ-২ এবং মো. সেলিমুজ্জামান মোল্যা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ