৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির
দেশে ৫০০ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিল করে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তার মতে, এতে ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ আবারও আনুষ্ঠানিক অর্থনীতিতে ফিরে আসবে।
রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেক মানুষ ব্যাংকে অর্থ জমা না রেখে ঘরে নগদ টাকা সংরক্ষণ করছেন। আবার যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদেরও বিপুল পরিমাণ নগদ অর্থ বাসাবাড়িতে পড়ে রয়েছে। এ অবস্থায় ৫০০ ও ১ হাজার টাকার নোট এক থেকে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
তিনি আরও বলেন, যাদের অর্থের বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তারা ২০ থেকে ২৫ শতাংশ কর পরিশোধ করে সেই অর্থ বৈধ করতে পারবেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে জমা হবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে তারল্যের প্রবাহও বৃদ্ধি পাবে।
আলোচনায় দেশের ব্যাংক খাত নিয়েও সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় বেশি ব্যাংক রয়েছে এবং অনেক ব্যাংক লুটপাটের শিকার হয়েছে। এত ব্যাংকের দরকার কী? এমপি হলেই একটি ব্যাংক, নেতা হলেই একটি লিজিং কোম্পানি—এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে এবং জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ ব্যাংকের ঘাটতি পূরণে শেষ পর্যন্ত জনগণের অর্থই ব্যবহার করতে হয়।
তবে সংসদ সদস্যের এ প্রস্তাব ব্যক্তিগত মতামত হিসেবে এসেছে। সরকার বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।
মতামত দিন