আনার হত্যা: সিয়াম-জিহাদকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সন্দেহভাজন সিয়াম ও জিহাদকে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
মঙ্গলবার (৪ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
ডিবি প্রধান জানান, আনার হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন ঢাকা থেকে দিল্লি ও দিল্লি থেকে কাঠমান্ডু গিয়েছিলেন। দেড় মাস আগে সিয়ামও কাঠমান্ডু যান।
তিনি বলেন, “আমরা বেশ কিছু তথ্য ও উপাত্ত সংগ্রহ করেছি এবং সেখানে যাওয়ার পর কাঠমান্ডুর বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।”
নেপাল পুলিশ তাদের (ডিবি) বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছে। এবং এখন থেকে অপরাধীরা কাঠমান্ডুতে গিয়ে ‘সেফ হোম’ বানানোর সুযোগ পাবে না, সে বার্তাই পেয়েছেন বলে জানান হারুন।
গত ১ জুন এমপি আনার হত্যার তদন্তে হারুনের নেতৃত্বে চার সদস্যের ডিবির একটি দল নেপাল যায়। এর আগে ২৬ মে ডিবি প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি দলও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কলকাতায় গিয়েছিল।
মতামত দিন