Views Bangladesh Logo

আন্দোলন-সংগ্রামে দেশের উন্নয়ন ব্যাহত হয়: এ্যানি

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলন-সংগ্রামে দেশের উন্নয়ন ব্যাহত হয়। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে আন্দোলনের পরিবর্তে উন্নয়ন ও দেশ গঠনে মনোযোগ দিতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বিরোধী দলেরও সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় ‘এসডিএফের বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। যারা বিএনপির বিপক্ষে ভোট করেছে, তারা এখন বিরোধী দলে রয়েছে। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পর বিরোধী দল সহযোগিতা করেনি। বরং তারা আন্দোলনের কথা বলছে।

তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এই রক্ষাকে সুরক্ষা করা। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এতে বিরোধী দলের সহযোগিতা লাগবে।

বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, বিরোধী দল লংমার্চ দিয়েছে, আবার বলছে আন্দোলন করবে। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।

তিনি আরও বলেন, বিরোধী দল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে। আন্দোলনের কারণে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে পড়বেন—এমন ধারণা থেকেই বিরোধী দল কর্মসূচি দিচ্ছে।

এ্যানি বলেন, হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল। পরে দেশের ১২টা বাজিয়ে দিয়েছে ১৭ বছর। এখন বিরোধী দল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবে, মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে। সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না।

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। এ সময় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ