বেবি বাম্প নিয়ে অনুষ্ঠানে হাজির মৌসুমী হামিদ
গত মার্চে মৌসুমী হামিদের সংসার ভাঙার খবরে মন খারাপ হয়েছিল অনেক ভক্তের। সেই দুঃসংবাদের চার মাসের মাথায় এবার জোড়া সুখবর দিলেন এই অভিনেত্রী—দ্বিতীয় বিয়ের পাশাপাশি জানালেন মা হতে চলার খবরও। গতকাল শুক্রবার একটি ওটিটি প্ল্যাটফর্মের অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের রীতিমতো চমকে দেন মৌসুমী হামিদ।
মৌসুমী হামিদের স্বামীর নাম আবদুল ওয়াদুদ সজীব। তিনি ডিজিটাল মিডিয়া ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতে কাজ করেন। স্বামীকে নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’
মৌসুমীর দ্বিতীয় বিয়ে ও সন্তানসম্ভবা হওয়ার খবর এত দিন জানা ছিল না অনেকেরই। তাই চরকির অনুষ্ঠানে তাকে দেখে সহকর্মীরা জড়িয়ে ধরেন, জানান শুভকামনা।
সংবাদমাধ্যমকে মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।’
এত দিন দ্বিতীয় বিয়ের খবর গোপন রাখার কারণটাও খোলাসা করেন অভিনেত্রী, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ জানুয়ারি নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন মৌসুমী হামিদ। দুই বছরের মাথায় ফাটল ধরে সেই সংসারে; ২০২৫ সালের নভেম্বরে সেপারেশনে চলে যান তারা। এরপর গত মার্চে বিচ্ছেদের খবর জানান মৌসুমী।
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার হাত ধরে বিনোদন অঙ্গনে পথচলা শুরু মৌসুমী হামিদের। টিভি নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সবশেষ তাকে দেখা গেছে মোস্তাফিজুর নূর ইমরান পরিচালিত ‘জ্বীনের বাচ্চা’ নামের ওয়েব ফিল্মে।
মতামত দিন