Views Bangladesh Logo

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে বাধা

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাউকে শ্রদ্ধা নিবেদন করতে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে সেখানে আওয়ামী লীগের পদযাত্রা কর্মসূচি আটকাতে অবস্থান করছিল বিক্ষোভকারীরা।

এছাড়া ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জড়ো হওয়া আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মারধর করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শোক দিবসে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

এর আগে, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

অন্যদিকে, আওয়ামী লীগের ‘ধানমণ্ডি ৩২ অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি ঠেকাতে বুধবার মধ্যরাত থেকে ওই এলাকা দখল করে রাখে কিছু শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

তবে বৃহস্পতিবার সকাল থেকে সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নেতাকে দেখা যায়নি, সংবাদ ইউএনবি।

গত ৫ আগস্ট শিক্ষার্থীদের অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ১০ দিন পর আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ সরকারের আমলে এই জাতীয় ছুটি বাতিল করে দেয়।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ধানমণ্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় অনেককে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার এই এলাকায় আসা সবাইকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিক্ষোভকারীরা দর্শনার্থীদের পরিচয়পত্র ও মোবাইল ফোনও পরীক্ষা করা হচ্ছে।

কিছু লোককে ওই এলাকায় দর্শনার্থীদের ধাওয়া করতে দেখা গেছে। বিবাদে জড়িয়ে পালানোর সময় কাউকে কাউকে মারধরও খেতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা তাদের কর্মকাণ্ডের ছবি বা ভিডিও কেউ যেন তুলতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছিল।

এসময় ছাত্র-জনতার বাধা উপেক্ষা করে বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থক ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের কর্তব্যরত সেনা সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ