Views Bangladesh Logo

দায়িত্ব নেওয়ার ৭ দিনের মাথায় মৌলভীবাজারের এসপি রিয়াজুল প্রত্যাহার

দায়িত্ব নেওয়ার মাত্র সাতদিনের মাথায় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়েছে, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

তবে প্রত্যাহারের কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, ‘আড়াই কোটি টাকার চুক্তিতে’ রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি করা হয়েছিল। এ অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর আগে ফেনী ও পঞ্চগড় জেলার এসপি হিসেবেও দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। তারা হলেন ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।

গত ৯ মে আইজিপির স্বাক্ষরিত পৃথক আদেশে তাদেরও পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছিল। এর মধ্যে এক সপ্তাহের ব্যবধানে তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ