যশোরে ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর মোটরসাইকেলে আগুন
যশোর শহরের ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মেসার্স সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বিকেল সাড়ে ৩টার দিকে পাম্পে তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় ট্যাংকি থেকে তেল উপচে ইঞ্জিনের ওপর পড়ে যায়। পরে ৪১০ টাকার তেল নিয়ে মোটরসাইকেলটি স্টার্ট দিতেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাম্পে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় উপস্থিত গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ফিলিং স্টেশনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে