Views Bangladesh Logo

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা ও ছেলে

নাটোরের লালপুর উপজেলায় একই পরীক্ষাকেন্দ্রে বসে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন ৪০ বছর বয়সী মা এবং তার ১৫ বছর বয়সী ছেলে।

পরীক্ষায় অংশ নেওয়া ওই মা হলেন ফুলঝড়ি বেগম এবং তার ছেলে মনিরুল ইসলাম। তারা দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং বর্তমানে মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ফুলঝড়ি বেগম জানান, ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ায় পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। সংসার ও সন্তান লালন-পালনেই কেটে গেছে দীর্ঘ সময়। তবে জীবনের পরবর্তী সময়ে তিনি আবার পড়াশোনায় ফিরে আসেন।

তিনি বলেন, ছেলের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিচ্ছি—এটা আমার জন্য অনেক আনন্দের। ছোটবেলার স্বপ্ন ছিল এসএসসি পরীক্ষা দেবো, এখন সেটা পূরণ হয়েছে।

তার স্বামী নজরুল ইসলাম ভ্যানচালনা ও দিনমজুরির কাজ করে সংসার চালান। সীমিত আয়ের মধ্যেও তিনি স্ত্রী ও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করছেন। তাদের বড় মেয়ে ইতোমধ্যে নার্সিং শেষ করে চাকরিতে যোগ দিয়েছেন।

মনিরুল ইসলাম বলেন, মায়ের সঙ্গে পরীক্ষা দিতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। আমি চাই মা যেন পড়াশোনা চালিয়ে যান এবং আরও এগিয়ে যান।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ বলেন, এটি নারী শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণাদায়ক উদাহরণ। বয়স কখনোই শিক্ষার বাধা নয়—এই ঘটনা সমাজে ইতিবাচক বার্তা দেবে।

তিনি আরও আশ্বাস দেন, প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলঝড়ি বেগমের পড়াশোনায় সহযোগিতা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ