Views Bangladesh Logo

একসঙ্গে জিপিএ-৫ পেলেন মা-ছেলে

ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও ছেলে দুজনেই জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী নগরের রাজপাড়া থানা এলাকার সাদিয়া বেগম ও তাঁর ছেলে তানভীর আহমেদের এই সাফল্যে পরিবার ও এলাকাজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গেছে, ১৯ বছর আগে বিয়ে হয় সাদিয়া বেগমের। বিয়ের পর সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে প্রায় ১৭ বছর পড়াশোনা থেকে দূরে ছিলেন তিনি। তবে পড়াশোনার প্রতি আগ্রহ হারাননি। পরে দুই সন্তানকে দেখাশোনার পাশাপাশি আবার পড়াশোনা শুরু করেন।

প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন সাদিয়া। পরিবারের সম্মতি নিয়ে প্রস্তুতি শুরু করেন তিনি। চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পান সাদিয়া।

অন্যদিকে তাঁর ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

সাদিয়া বলেন, পড়াশোনার প্রতি তাঁর সব সময়ই আগ্রহ ছিল। কিন্তু বিয়ের পর নানা কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সহযোগিতায় তখন থেকেই প্রস্তুতি শুরু করেন।

মায়ের সঙ্গে একই পরীক্ষায় অংশ নেওয়াকে সৌভাগ্যের বিষয় মনে করছে তানভীর। সে বলে, ‘মায়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই জিপিএ-৫ পেয়েছি। মায়ের সঙ্গে পরীক্ষা দেওয়ার সৌভাগ্য কয়জনের হয়!’

তানভীর জানায়, মা যেমন নিয়মিত তার পড়াশোনার খোঁজ নিতেন, তেমনি নিজেও পড়াশোনা করতেন। অনেক সময় রাতে তার পাশে বসে পড়াশোনা করতেন মা। নিজের এই সাফল্য বাবা-মাকে উৎসর্গ করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কথাও জানিয়েছে তানভীর।

মা-ছেলের এই সাফল্যে খুশি তাঁদের গৃহশিক্ষক আরিফুল ইসলামও। প্রায় চার বছর ধরে তিনি তানভীরকে ইংরেজি পড়ানোর পাশাপাশি সাদিয়ার পড়াশোনাতেও সহযোগিতা করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়ার স্বামী তোফাজ্জল হোসেন একজন সরকারি কর্মকর্তা। সংসার ও সন্তানদের দায়িত্ব সামলে দীর্ঘ বিরতির পর পড়াশোনায় ফিরে এসে ছেলের সঙ্গে একই পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন সাদিয়া। তাঁর এই সাফল্য অধ্যবসায় ও ইচ্ছাশক্তির অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ