সন্তানকে বাঁচাতে এক মায়ের দুর্ধর্ষ লড়াই, আসছে তাপসী পান্নুর ‘গান্ধারী’
অ্যাকশন ঘরানায় আবারও ফিরছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ২০১৫ সালের ‘বেবি’ ও ২০১৭ সালের ‘নাম শাবানা’র পর এবার নতুন অ্যাকশন সিনেমা ‘গান্ধারী’তে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে তাকে। দেবাশিস মাখিজা পরিচালিত সিনেমাটি আগামী ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘গান্ধারী’তে বানি চরিত্রে অভিনয় করেছেন ৩৯ বছর বয়সী তাপসী। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক মাকে ঘিরে, যে নিজের সন্তানকে রক্ষা করতে সব ধরনের বাধা ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে নামেন। কানিকা ধিল্লনের লেখা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
দিল্লিতে জাগরণ ফিল্ম ফেস্টিভ্যালে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী জানান, দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছ থেকে অ্যাকশন সিনেমায় ফেরার অনুরোধ পেয়ে আসছিলেন তিনি। তবে এ ধরনের চরিত্রে অভিনয়ের জন্য যে কঠোর শারীরিক প্রস্তুতি ও পরিশ্রম প্রয়োজন, সেটিই তাকে এতদিন পিছিয়ে রেখেছিল।
অ্যাকশন দৃশ্যে পর্দায় সহিংসতা দেখালেও ব্যক্তিগত জীবনে তিনি সহিংসতা পছন্দ করেন না বলেও জানান তাপসী। তার অভিনীত সিনেমাগুলোতে অনেক সময় বড় বাজেটের প্রযুক্তিগত সুবিধা না থাকায় অ্যাকশন দৃশ্যের বড় অংশ নিজেকেই করতে হয়। ফেস রিপ্লেসমেন্ট বা বড় পরিসরের গ্রিন-স্ক্রিন প্রযুক্তির বদলে বাস্তব অ্যাকশন করতে গিয়ে শারীরিকভাবে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে জানান তিনি।
তবে ‘গান্ধারী’র ক্ষেত্রে আগের অ্যাকশন চরিত্রগুলোর পুনরাবৃত্তি করতে চাননি তাপসী। বরং এবার আরও বড় পরিসরে অ্যাকশন দৃশ্য উপস্থাপনের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি। দর্শকরা সিনেমাটিকে তার আগের অ্যাকশন কাজগুলোর চেয়ে বেশি উপভোগ করবেন বলেও প্রত্যাশা করছেন এই অভিনেত্রী।
সিনেমাটিতে তাপসীর সঙ্গে অভিনয় করেছেন ইশওয়াক সিং, মিতা বশিষ্ঠ, যতীন সারনা, স্বস্তিকা মুখার্জি ও ছায়া কদম। মায়ের সন্তানের প্রতি গভীর টান, তাকে রক্ষার লড়াই এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে উঠে আসা অ্যাকশনই ‘গান্ধারী’র অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন