তালাবদ্ধ ফ্ল্যাটে মায়ের মরদেহ, অন্য কক্ষে আটকা ছিল দুই সন্তান
জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকেও জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহাম্মেদ শাওনের (৩৫) কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ফ্ল্যাটটির জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। এ সময় তাদের কান্নাকাটির শব্দ শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে পুলিশ ও স্থানীয়রা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় একটি কক্ষ থেকে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়। অন্য একটি কক্ষে আটকা থাকা তার দুই সন্তানকেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহানের দুই সন্তান হলো ১০ বছর বয়সী মেয়ে স্নেহা ও পাঁচ বছর বয়সী ছেলে। তাদের বাবা কাউসার আহাম্মেদ শাওন ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ইসরাত জাহানের মৃত্যুর কারণ কিংবা ঘটনার পেছনের রহস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার স্বামীরও খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
মতামত দিন