Views Bangladesh Logo

মায়ের মরদেহে পচন: যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর ছেলে ও সরকারের যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরো ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, অভিযুক্ত এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে—জানতে চাইলে মো. আব্দুল বারী বলেন, ‘একটা আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রতিবেশীদের ফোন পেয়ে গত রোববার (৩১ মে) রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই অমানবিক ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও আলোচনার জন্ম দেয়।

তদন্ত ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, নূরজাহান বেগমের দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে পেশায় স্কুলশিক্ষিকা এবং তিনি মায়ের সঙ্গে একই বাসায় পাশাপাশি রুমে বসবাস করতেন। তবে মা মারা যাওয়ার পরও বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি তিনি।

প্রতিবেশীদের অভিযোগ, নুরজাহানের আরেক ছেলে এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একজন অধ্যাপক। দুই ছেলেই মায়ের থেকে আলাদা থাকতেন এবং দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ