বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোয় মা ও দুই শিশুর মরদেহ
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষ থেকে এক নারী ও তার দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম স্মৃতি রানী। তিনি শহরের কালীবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী এবং ডাকবাংলোয় খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের ভাষ্য, নিহত দুই শিশু তারই সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন বাংলোর কর্মীরা। পরে বরগুনা থানা ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩ নম্বর কক্ষ থেকে ওই শিশুর এবং পাশের ৪ নম্বর কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় দুই বছর বয়সী আরেক শিশুর মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নজরুল ইসলাম মোল্লা জানান, এদিন বেলা ১১টার দিকে দুই সন্তানকে নিয়ে কাজে আসেন স্মৃতি রানী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি মর্মান্তিক পারিবারিক ঘটনা; তবে প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেশী ও পরিবারের বরাত দিয়ে তিনি জানান, স্মৃতি রানী ঋণগ্রস্ত ছিলেন বলে শোনা গেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষেই কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাবে বলে জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে