Views Bangladesh Logo

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, শিশু আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু। শনিবার রাত ১১টার দিকে পারৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে মা, মেয়ে ও শিশুর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার পর তিনি পালিয়ে যান।

চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। আহত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, অভিযুক্তের সঙ্গে তাদের আর্থিক লেনদেন ছিল। এ-সংক্রান্ত বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।

আনোয়ারা থানার উপপরিদর্শক জুয়েল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের এক ভাইকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ