Views Bangladesh Logo

মা দিবসেই ছেলের ছুরিকাঘাতে নিহত মা, বাবা-বোন আহত

মা দিবসের দিনে ফেনীতে এক মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই নৃশংস ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে লড়ছেন অভিযুক্ত যুবকের বাবা ও বোন।

নিহত ওই নারীর নাম লাকি আক্তার (৫৫)। আহতরা হলেন তার স্বামী প্রবাসী মোস্তফা ভূঞা (৬৫) ও মেয়ে মিথিলা ভূঞা (১৮)।

রোববার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাফিকে (২২) আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় রাফি তার মায়ের ওপর চড়াও হয়। অনলাইন থেকে সংগ্রহ করা একটি ধারালো ছুরি দিয়ে সে তার মাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় ছোট বোন মিথিলা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে রফি। পরে বিদেশ ফেরত বাবা মোস্তফা ভূঞা তাদের রক্ষা করতে গেলে তিনিও গুরুতর আহত হন।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই লাকি আক্তার মারা যান। আহত বাবা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ