টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, গুরুতর আহত পুত্রবধূ
গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তাঁর ছেলে ইয়াসিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াসিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে টঙ্গী ফ্লাইওভারের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ও ইয়াসিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাচিয়া এলাকার বাসিন্দা মো. চান মিয়ার স্ত্রী ও ছেলে।
চান মিয়া জানান, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। বাসে করে টঙ্গীর স্টেশন রোড এলাকায় পৌঁছে নামার পর আয়েশা, ইয়াসিন ও আরজিনা সড়কের পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আয়েশা খাতুনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরজিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ গাড়িটি ও এর চালককে আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটির চালককে আটক করা হয়েছে।
মতামত দিন