গাইবান্ধায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মান্দুরা গ্রামের সুনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। তিনি জানান, বজ্রপাতে মারা যাওয়া পরিবারকে আজ সকালে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। গতকাল সন্ধ্যায় বৃষ্টির আশঙ্কা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা তুলে আনতে যান তিনি। কিছুক্ষণ পর তার মা কল্পনা রানীও সেখানে যোগ দেন। এ সময় হঠাৎ বজ্রপাতে দুজনই ঘটনাস্থলে সংজ্ঞা হারান। পরে স্বজন ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে মা ও ছেলের মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে