জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ মোট ৩ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই পৃথক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার রাজু (১৪) ও তার মা লাকী আক্তার (৪০)। এছাড়া মেলান্দহ উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জে নিজ বসতঘরের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে প্রথমে বিদ্যুতায়িত হয় কিশোর রাজু। ছেলেকে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে তাকে উদ্ধার করতে যান মা লাকী আক্তার (৪০)। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাদের বাঁচাতে এগিয়ে এলে রাজুর নানি বুলি বেগমও গুরুতর আহত হন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
অন্যদিকে, একই দিন দুপুরে মেলান্দহে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শিক্ষার্থী তৈয়ব।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, বিরতির সময় শ্রেণিকক্ষে বই রেখে বাইরে খেলতে যায় তৈয়ব। ক্লাস শেষে বই নিতে ফেরার পথে ভবনের ছাদের কাছে থাকা একটি খোলা বৈদুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন