Views Bangladesh Logo

স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় মায়ের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উম্মে হাবিবা রাজোনি (৩৭)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল হামিদের মেয়ে এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সজিপুর গ্রামের ব্যবসায়ী জহরুল ইসলামের স্ত্রী।

রাজোনি রাজধানীর উত্তরায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। তাদের একমাত্র সন্তান ঝুমঝুম খাতুন (১২) মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রাজোনি মেয়েকে স্কুল থেকে আনতে গেলে হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান তাদের সামনে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই রাজোনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে রাজোনির মরদেহ তার গ্রামের বাড়ি মটমুড়ায় পৌঁছায়। তার মরদেহটি সেখানে পৌঁছানোর পর একটি হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। রাজোনির মা, ভাইবোন এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কুষ্টিয়ার দৌলতপুরের চার সাজিপুর গ্রামে রাজোনিকে দাফন করা হবে। এই দুর্ঘটনায় তার মেয়ে ঝুমঝুম গুরুতর আহত হলেও বেঁচে যান। প্রাথমিক চিকিৎসার পর সে এখন পরিবারের সঙ্গে রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ