Views Bangladesh Logo

নরসিংদীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী, গ্রেপ্তার ১

নরসিংদীর মাধবদীতে ফোনে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪০ বছর বয়সী এক নারী। এ ঘটনায় রিদয় মিয়া, ৩২, নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী পদ্মারকান্দা এলাকার একটি মাছের খামারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।


শুক্রবার সকালে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করলে বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নরসিংদীর মাধবদী পৌরসভার মেন্ডাতলা এলাকায় বসবাস করছেন।


মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে তিনি মেয়েকে নিয়ে আড়াইহাজার পৌর এলাকার একটি মার্কেটে ঈদের কেনাকাটা করতে যান। মেয়েকে জামা কিনে দিয়ে ইফতারের আগেই তাকে বাড়ি পাঠিয়ে দেন।


এর কয়েকদিন আগে মোবাইল ফোনে কাঁঠালিয়া ইউনিয়নের খরিয়া গ্রামের রিদয় মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী আড়াইহাজারে আছেন জানতে পেরে রিদয় দেখা করার কথা বলেন।


পরে রাতে ওই নারী একাই অটোরিকশায় মাধবদীর খামারদী পদ্মারকান্দা এলাকায় যান। সেখানে কথা বলার সময় রিদয় তাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তিনি তাকে রাস্তা থেকে টেনে পুকুরপাড়ে নিয়ে যান।


এসময় আগে থেকে ওত পেতে থাকা আরও তিনজন সেখানে যোগ দিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তার মোবাইল ফোন ও টাকা নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করতে বলে অভিযুক্তরা।


পরবর্তীতে ওই নারী পাশের একটি পাওয়ারলুম কারখানায় গিয়ে আশ্রয় নেন এবং বিষয়টি স্থানীয়দের জানান।


মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনাস্থলটি নারায়ণগঞ্জ ও নরসিংদীর সীমান্তবর্তী এলাকায়। প্রথমে ভুক্তভোগী আড়াইহাজার থানাকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নরসিংদী পুলিশকে অবহিত করে।


তিনি জানান, মোবাইল নম্বরের সূত্র ধরে রিদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। অন্য অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ