ফজরের নামাজ থেকে ফিরে বাবা দেখেন মেয়ের গলা কাটা মরদেহ, মা আটক
সিলেটের সদর উপজেলার কালারুকা গ্রামে এক বছর ৮ মাস বয়সী শিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) ভোরে এই ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান শিশুটির বাবা আমীর আলী। নামাজে যাওয়ার আগে তিনি মেয়েকে জীবিত অবস্থায় দেখে যান। কিন্তু নামাজ শেষে ফিরে এসে মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির মা বটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেছেন।
তিনি বলেন, স্থানীয়রা প্রথমে শিশুটির মাকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তবে আটক হওয়ার পর তিনি পুলিশের কোনো প্রশ্নের উত্তর দেননি।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে সুবিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
শিশুটির বাবা আমীর আলী জানান, ফজরের আজানের সময় তোহা ঘুম থেকে উঠলে তিনি স্ত্রীকে নামাজ পড়তে বলে মসজিদে যান। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে জানায়, তোহার গলা কেটে ফেলা হয়েছে।
তিনি বাড়িতে পৌঁছানোর আগেই বড় ছেলে প্রতিবেশীদের ডেকে আনে।
ঘটনার পর শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবিব জানিয়েছেন, নিহত শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করা হলে তা গ্রহণ করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে