Views Bangladesh Logo

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আত্মীয়ের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী সদর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার এক আত্মীয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২ জুন) রাতে রাজবাড়ী সদর থানায় এই মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আসামির বাড়ি জেলার কালুখালী উপজেলায় হলেও সে দীর্ঘদিন ধরে সদর উপজেলায় তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের আগের দিন (বুধবার) বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার সময় শিশুটির মা বাড়ির উঠানে গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন। ঘরে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ভেতরে প্রবেশ করে এবং শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে মা দ্রুত ঘরের দিকে ছুটে এলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর মা জানান, এ ঘটনার পর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের অনুরোধে বিষয়টি প্রথমে তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু ঘটনার পর থেকে শিশুটির শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যেতে থাকে। মেয়ের অসুস্থতা দেখে বাধ্য হয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং মঙ্গলবার সন্ধ্যায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ভুক্তভোগী মায়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং বুধবার সকাল থেকেই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ