Views Bangladesh Logo

সাপের কামড়ে শাবক হারানোর পর এবার অসুস্থ হয়ে মারা গেল মা হাতি

মৌলভীবাজারের জুড়ীতে অসুস্থ হয়ে পাহাড়ি ছড়ায় পড়ে নূরী নামে একটি পোষা হাতির মৃত্যু হয়েছে। ১৮ বছর বয়সী হাতিটি কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গত রোববার বিকেলে জুড়ীর গহিন অরণ্যে হাতিটির মৃত্যু হয়। পরে বনাঞ্চলের ভেতরে গর্ত করে হাতিটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

নূরীর মালিক জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুম রেজা বৃহস্পতিবার রাতে হাতিটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চার থেকে পাঁচ বছর আগে জঙ্গলে বিষধর সাপের কামড়ে নূরীর সাত মাস বয়সী একটি শাবক মারা যায়। নূরী স্থানীয় হাড়ারগজ সংরক্ষিত বনের লক্ষ্মীছড়া এলাকায় অন্য হাতিদের সঙ্গে বিচরণ করত।

মাছুম রেজা বলেন, সম্প্রতি মাহুতের মাধ্যমে তিনি নূরীর অসুস্থতার খবর পান। অসুস্থতার কারণে হাতিটি দুর্বল হয়ে পড়ে এবং খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। পরে ২ আগস্ট প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসককে সঙ্গে নিয়ে তিনি হাতিটির কাছে যান। চিকিৎসা চলার পরদিনই নূরীর মৃত্যু হয়।

জুড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দে জানান, নূরী গলাফোলা রোগে আক্রান্ত ছিল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং কয়েক দিন ধরে জ্বর ছিল। খাবারও খেতে পারছিল না। প্রাথমিকভাবে তাকে স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়। তবে ছড়ায় পড়ে যাওয়ায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। হাতিটিকে দাঁড় করানোর চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন জানান, জুড়ীর বিভিন্ন বনাঞ্চলে একাধিক পোষা হাতি বিচরণ করে। এসব হাতির অনেক মালিকের বন বিভাগের লাইসেন্স রয়েছে। ছোটবেলায় হাতিগুলোকে সনাতন ‘হাদানি’ পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরে পাহাড়ি এলাকায় গাছ টানা, সার্কাস ও বিভিন্ন অনুষ্ঠানে ভাড়ায় ব্যবহার করা হয়।

নূরী মারা গেলেও তার মা ৩৮ বছর বয়সী নূরজাহান এবং ৭ বছর বয়সী ভাই নূর বাহাদুর জীবিত রয়েছে। বন কর্মকর্তা জানান, নূরীর মৃত্যুর ঘটনায় ৩ আগস্ট জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ