বিমানে মায়ের মৃত্যু, মরদেহ ওমানে রেখে চট্টগ্রামে ফিরতে হলো ছেলেকে
চট্টগ্রামের সাতকানিয়ার ছানোয়ারা বেগম (৫৫) ওমরাহ শেষে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেছেন। আইনি জটিলতায় মায়ের মরদেহ ওমানে রেখে একাই চট্টগ্রামে ফিরতে হয়েছে তার ছেলে এরশাদকে। বর্তমানে মরদেহটি ওমানে রয়েছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তা দেশে আনার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার রাতে জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। উড্ডয়নের পর ছানোয়ারা অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য বিমানটি ওমানের মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
মরদেহ বিমান থেকে নামানোর জন্য রয়্যাল ওমান পুলিশের অনুমতি প্রয়োজন ছিল। অনুমতি পেতে দেরি হওয়ায় দীর্ঘ সময় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই ছিল। পরে অনুমতি পাওয়ার পর মরদেহ নামিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
ছানোয়ারা বেগম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব বিল্লিয়ার পাড়ার বাসিন্দা। গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যান তিনি। ওমরাহ শেষে দুই ছেলে শাহেদ ও এরশাদের কাছে কিছুদিন থাকার কথা ছিল তার।
স্থানীয়রা জানান, সৌদি আরবে যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি ওমরাহ সম্পন্ন করতে পেরেছিলেন কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
বুধবার দুপুর ২টা ৪৬ মিনিটে বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মায়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
মতামত দিন