Views Bangladesh Logo

চোর সন্দেহে ছেলেকে না পেয়ে বাবা-মাকে মারধর, অপমানে মায়ের আত্মহত্যার অভিযোগ

জামালপুর সদর উপজেলায় গরু চুরির অভিযোগে এক যুবককে না পেয়ে তার বাবা-মাকে তুলে এনে সালিশে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপমান সহ্য করতে না পেরে জোসনা বানু নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্বজনদের।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোসনা বানু ওই এলাকার সুরুজ্জামানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে এলাকায় ইউপি সদস্য নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা হয়। এর জেরে রাত আনুমানিক ৩টার দিকে ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে চান। তাকে না পেয়ে তার বাবা-মাকে ধরে নিয়ে যাওয়া হয়।

পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসে। সেখানে আরও দুজন—তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ডেকে এনে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।

স্বজনদের দাবি, সালিশ চলাকালীন অপমান সহ্য করতে না পেরে জোসনা বানু বাড়ি ফিরে আত্মহত্যা করেন।

স্থানীয় বাসিন্দা মুখলেস বলেন, চুরির অভিযোগে ছেলেকে না পেয়ে মা-বাবাকে ধরে এনে মারধর করা হয়। অপমান সইতে না পেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোহেল রানার বাবা সুরুজ্জামান অভিযোগ করেন, নায়েব আলীদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে, যা আদালতে বিচারাধীন। সেই বিরোধের জেরেই তাদের চোর সাজিয়ে নির্যাতন করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নায়েব আলী বলেন, প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। এ সময় কিছু লোক উত্তেজিত হয়ে সামান্য মারধর করে, তবে তিনি তাদের থামানোর চেষ্টা করেছেন।

জামালপুর সদর থানার উপপরিদর্শক খায়রুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনা তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ