Views Bangladesh Logo

বগুড়ায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনিয়া খাতুন (২৯) ও তার ১০ বছর বয়সী মেয়ে মেহা মনির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৭টার দিকে উপজেলার শিকড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনিয়া খাতুন স্থানীয় আব্দুল মান্নানের মেয়ে। তার মেয়ে মেহা মনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনিয়া খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি কিছুদিন ধরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

ঘটনার সময় বাড়ির উঠানে তার মা ও ভাবী রান্না করছিলেন। এ সময় হঠাৎ সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের ভেতরেই মারা যান সোনিয়া।

গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তার মেয়ে মেহা মনিকে। তাকে ভর্তি করা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল–এ। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর এ মোর্শেদ জানান, শিশুটির শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। অতিরিক্ত দগ্ধ হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ঘর থেকে কেরোসিনের গন্ধ পেয়েছে।

এ কারণে ধারণা করা হচ্ছে, সোনিয়া আত্মহত্যার উদ্দেশ্যে নিজেই কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ