মেয়েদের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, ভিডিও ভাইরাল
এক নারীকে কিরিচ দিয়ে কোপাচ্ছিল সন্ত্রাসীরা। সেই ভিডিও স্মার্টফোনে ধারণ করছিল এক মেয়ে আর এসব দেখে তিন বছরের আরেক ছোট মেয়ে কান্না করছিল, আতঙ্কে ছুটছিল দিগ্বিদিক।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের কাজীপাড়ায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
হামলার শিকার সেই নারীর নাম তাহেরা আকতার। তিনি রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের কাজীপাড়ার আবদুল হাকিমের স্ত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা ২টা ৩৮ মিনিটের দিকে ফেসবুকে ভিডিওটি আপলোড করেন তাহেরার কলেজপড়ুয়া মেয়ে সানজিদা সাথী।
ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই নারীর ওপর হামলা করছেন। চিৎকার শুনে কেউ একজন সেদিকে টর্চের আলো ফেলেন। সেই আলোতে কখনো হামলাকারী আবার কখনো ভুক্তভোগী নারীকে দেখা যাচ্ছিল।
শুক্রবার রাতে এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে এবং ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন তাহেরার স্বামী।
রাতেই ঘটনার মূল আসামি স্থানীয় দলিল লেখক গোলাম দস্তগীরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরেই হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শ্রাবন্তী চক্রবর্তী বলেন, ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তার মাথার কিছু অংশ এতে কেটে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
মতামত দিন