'আন্টি' বলে ডাকায় ক্ষোভে সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
টাঙ্গাইলের সখীপুরে নিজের মাকে ‘আন্টি’ বলে ডাকায় ক্ষোভ থেকে সাড়ে তিন বছরের সন্তান আশরাফুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা আকলিমা বেগমের বিরুদ্ধে। একই ঘটনায় আকলিমার আগের স্বামীর ঘরের আট বছরের মেয়ে সিদরাতুলও গুরুতর আহত হয়েছে। তবে শিশুকে হত্যার পেছনে ‘আন্টি’ বলে ডাকাকে কেন্দ্র করে ক্ষোভই কারণ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খালিয়ার বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আকলিমা বেগমকে হেফাজতে নেয় পুলিশ। গুরুতর আহত সিদরাতুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে কোনো সন্তান না থাকায় পরে তিনি আকলিমা বেগমকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে জন্ম নেয় আশরাফুল। তবে আকলিমা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করায় বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। এ কারণে আশরাফুলকে শাহীন মিয়ার প্রথম স্ত্রী লালন-পালন করতেন। শিশুটি তাকে ‘বড়মা’ বলে ডাকত।
স্থানীয়দের ভাষ্য, আশরাফুল নিজের জন্মদাত্রী মাকে ‘আন্টি’ বলে সম্বোধন করত। এ বিষয়টি নিয়ে আকলিমার মনে ক্ষোভ বা অভিমান তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কয়েকজন। সেই ক্ষোভ থেকেই শিশুটির ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যে, এ কারণেই হত্যাকাণ্ড ঘটেছে।
শাহীন মিয়া বলেন, প্রায় ৩০ বছর পর তিনি একটি পুত্রসন্তানের বাবা হয়েছিলেন। সেই সন্তানকে এভাবে হারানোর ঘটনা তিনি মেনে নিতে পারছেন না। তাঁর ছেলে আশরাফুলের পাশাপাশি আকলিমার আগের সংসারের মেয়ে সিদরাতুলও হামলার শিকার হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত সিদরাতুলের চিকিৎসা চলছে।
ওসি আরও জানান, ঘটনার পর আকলিমা বেগমকে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
মতামত দিন