বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে পৌঁছালে ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
সরকার গতকাল বুধবার চার বছরের জন্য তাকে গভর্নর পদে নিয়োগ দেয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা আদেশে বলা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি দায়িত্ব পালন করবেন। একই আদেশে ২০২৪ সালের ১৩ আগস্ট নিয়োগপ্রাপ্ত সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি এর আগে বাংলাদেশ ব্যাংক-সংক্রান্ত বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ব্যবসায়ী হিসেবে তার নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, কারণ অতীতে অর্থনীতিবিদ বা আমলাদের মধ্য থেকেই গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।
মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯২ সালে আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) সম্পন্ন করেন। তিনি রিহ্যাব, আটাব, ডিসিসিআই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সঙ্গেও যুক্ত ছিলেন।
এদিকে জানা গেছে, তার মালিকানাধীন প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেড বেসরকারি খাতের একটি ব্যাংকের ঋণগ্রহীতা। প্রতিষ্ঠানটির ঋণ পুনঃতপশিল সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ঋণ স্থিতি রয়েছে ৮৬ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ধারাবাহিক বিক্ষোভের প্রেক্ষাপটে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে