Views Bangladesh Logo

দু-একটি বাদে অন্তর্বর্তী সরকারের প্রায় সব কর্মকাণ্ড বৈধতা পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত অন্তর্বর্তী সরকারের অধিকাংশ কর্মকাণ্ডকে সাংবিধানিকভাবে বৈধতা দিতে যাচ্ছে বর্তমান সরকার। তবে বিশেষ কিছু ক্ষেত্রে দু-একটি সিদ্ধান্ত বৈধতার বাইরে থাকতে পারে।

রোববার অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

গণভোট প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোট সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী হয়নি। তবে গণভোট অধ্যাদেশের আওতায় এটি অনুষ্ঠিত হয়েছে এবং এর একটি বৈধতা রয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রমকে যখন সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে বৈধতা দেওয়া হবে, তখন ওই গণভোটসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ডও স্বয়ংক্রিয়ভাবে বৈধতা পেয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নতুন করে গণভোট অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রয়োজন নেই, কারণ ভবিষ্যতে গণভোট আয়োজন করতে হলে তা সংবিধান অনুযায়ী অথবা নতুন আইন প্রণয়নের মাধ্যমেই করতে হবে।

বিরোধী পক্ষের সমালোচনার জবাবে তিনি বলেন, গণভোটের বৈধতা নিয়ে ‘হুমকি দেওয়ার’ কোনো কারণ নেই। সরকারের পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ তফসিলের মাধ্যমে বিগত সরকারের অধিকাংশ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হলে তা সম্পূর্ণভাবে আইনসম্মত হয়ে যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ