বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষ পাঁচে নেই আর্জেন্টিনা-ব্রাজিল
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান দল হিসেবে আবির্ভূত হয়েছে ফ্রান্স। ফুটবলারদের দলবদল সংক্রান্ত প্ল্যাটফর্ম ‘ট্রান্সফাররুম’-এর প্রকাশিত নতুন বাজার-মূল্যের র্যাংকিংয়ে স্পেন ও ইংল্যান্ডকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ফরাসিরা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলে’র বরাত দিয়ে জানা গেছে, ফ্রান্সের স্কোয়াডের বাজারমূল্য ১৪৬ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৮৬৭ কোটি ৭৮ লাখ টাকা)। এরপরে ১.৪১ বিলিয়ন ইউরো ও ১.৪০ বিলিয়ন ইউরো নিয়ে যথাক্রমে র্যাংকিংয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে স্পেন ও ইংল্যান্ড। এছাড়া যথাক্রমে ১.১৩ বিলিয়ন ও ১.০১ বিলিয়ন ইউরো মূল্য নিয়ে শীর্ষ পাঁচের বাকি দুটি দল জার্মানি ও পর্তুগাল।
৯৪১ মিলিয়ন ইউরো স্কোয়াড মূল্য নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭৩৯ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে রয়েছে অষ্টম স্থানে। এই দুই পরাশক্তির মাঝে ৮৬৭ মিলিয়ন ইউরো বাজার-মূল্য নিয়ে সপ্তম অবস্থানে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। শীর্ষ ১০-এর বাকি দুটি দল হলো বেলজিয়াম (৬৭২ মিলিয়ন ইউরো) এবং নরওয়ে (৬৩৮ মিলিয়ন ইউরো)।
এই পরিসংখ্যান ২০২২ সালের কাতার বিশ্বকাপের চিত্রকে আরেকবার মনে করিয়ে দিচ্ছে। সেবার আর্জেন্টিনা সবচেয়ে দামি দলের তালিকায় না থেকেও শিরোপা জিতেছিল। অন্যদিকে, তারকাখচিত উচ্চমূল্যের দল নিয়ে মাঠে নামা ব্রাজিল কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিল। তবে ফ্রান্স গত বিশ্বকাপের মতো এবারও তাদের এলিট প্রতিভায় ঠাসা স্কোয়াড নিয়ে মূল্যের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে। পাশাপাশি স্পেন এবং ইংল্যান্ডের তরুণ তারকাদের সাম্প্রতিক সময়ে ট্রান্সফার ভ্যালু ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তারাও শীর্ষ তিন-এ জায়গা করে নিয়েছে।
শীর্ষে থাকা তিন ইউরোপীয় পরাশক্তির মূল্যের ব্যবধান মাত্র ৬০ মিলিয়ন ইউরো। এটি স্পষ্ট করে দেয় যে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এবারের বর্ধিত ৪৮ দলের বিশ্বকাপে শীর্ষ দলগুলোর মধ্যে লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে।
তবে বাজারমূল্য কেবল খেলোয়াড়দের বাণিজ্যিক মূল্যের প্রতিফলন ঘটায়, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এটি সাফল্যের কোনো গ্যারান্টি দেয় না। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মহাকাব্যিক জয়ই প্রমাণ করে যে, ট্রফি দলবদলের বাজারে নয়, বরং মাঠের লড়াইয়েই জিততে হয়।
একনজরে বিশ্বকাপের শীর্ষ ১০ মূল্যবান দল (ইউরোতে):
১. ফ্রান্স — ১.৪৬ বিলিয়ন
২. স্পেন — ১.৪১ বিলিয়ন
৩. ইংল্যান্ড — ১.৪০ বিলিয়ন
৪. জার্মানি — ১.১৩ বিলিয়ন
৫. পর্তুগাল — ১.০১ বিলিয়ন
৬. ব্রাজিল — ৯৪১ মিলিয়ন
৭. নেদারল্যান্ডস — ৮৬৭ মিলিয়ন
৮. আর্জেন্টিনা — ৭৩৯ মিলিয়ন
৯. বেলজিয়াম — ৬৭২ মিলিয়ন
১০. নরওয়ে — ৬৩৮ মিলিয়ন

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে