রাজধানীর অধিকাংশ ডাকাতির নেপথ্যে একই চক্র জড়িত: ডিবি
রাজধানীতে সংঘটিত সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা গেলে রাজধানীতে ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছে সংস্থাটি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির সময় তারা র্যাবের পোশাক, ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি ব্যবহার করে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)। তাদের কাছ থেকে চারটি ৭.৬৫ মিমি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, লুট হওয়া ১২ লাখ টাকা, র্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট ও একটি মোটরসাইকেলসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডিবি জানায়, গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ডিএল ফিলিং স্টেশনের চার কর্মী ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে বিআরটি লেনে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি তাদের পথরোধ করে। অস্ত্র ও চাপাতি দেখিয়ে এবং মারধর করে তাদের কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে ডিবি ও উত্তরা ক্রাইম বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস শিকদার ও জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইলিয়াসের ভাড়া বাসা থেকে র্যাব লেখা ভেস্ট ও ক্যাপ, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, হাতকড়া, পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে মাতুয়াইল ও যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকা থেকে রবিউল ইসলাম ওরফে রুবেল এবং মিন্টু রাড়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকেও অস্ত্র, গুলি, ভুয়া র্যাবের পরিচয়পত্র ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরের পোস্তগোলা থেকে সাগর বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে লুট হওয়া ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ডিবির কর্মকর্তারা জানান, ডাকাতির অর্থ সদস্যদের মধ্যে আনুপাতিক হারে ভাগ করা হয়েছিল। সাগর বাড়ৈ নিজের ভাগে পাওয়া ৯ লাখ টাকা খরচ করার আগেই তা উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের লুট হওয়া অস্ত্র নয় বলেও জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।
মতামত দিন