Views Bangladesh Logo

গ্রামে গান-বাজনা 'নিষিদ্ধ' করে মসজিদ কমিটির নোটিশ, বিতর্কের মুখে প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া পোড়াগ্রামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র 'নিষিদ্ধ' করে মসজিদ কমিটির জারি করা নোটিশ তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশটি ছড়িয়ে পড়লে প্রশাসন ঘটনাটি নজরে আনে এবং দ্রুত ব্যবস্থা নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেররশিয়া পোড়াগ্রাম জামে মসজিদ কমিটির ৩৪ জন সদস্য ও গ্রামবাসীর স্বাক্ষরিত একটি নোটিশ সম্প্রতি গ্রামের মহানন্দা নতুন সেতু মোড়ে টাঙানো হয়। এতে বলা হয়, 'গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা এবং পারিবারিক শান্তি রক্ষার জন্য' ইসলামের দৃষ্টিতে গান-বাজনা ও অপসংস্কৃতিকে হারাম ও ক্ষতিকর উল্লেখ করে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়। নোটিশে সতর্ক করে বলা হয়, এর পরও কেউ বাদ্যযন্ত্র বাজালে তার বিরুদ্ধে 'আইনগত ব্যবস্থা' নেওয়া হবে।

তবে নোটিশটিতে কোনো তারিখ উল্লেখ নেই এবং কোন আইনে কী ব্যবস্থা নেওয়া হবে, তার কোনো ব্যাখ্যা নেই।

ঘটনাটি জানার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, "তিন দিন আগে ঘটনাটি জানার পর পুলিশ মসজিদে গিয়ে ইমামসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে। কমিটি বিষয়টি 'ঠিক' হয়নি বলে দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকার করেছে। আমরা নোটিশসংবলিত ব্যানার-পোস্টার জব্দ করেছি এবং কমিটিকে কঠোর সতর্ক করা হয়েছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, ঘটনা জানার পরই সংশ্লিষ্টদের ডেকে আনা হয়। গত বৃহস্পতিবার (৫ মার্চ) মসজিদের ইমাম, কমিটি সদস্য ও গ্রামবাসীর ১০ জন প্রতিনিধি ইউএনও অফিসে এসে দুঃখ প্রকাশ করেন। তারা আগামী ৮-৯ মার্চের মধ্যে এ বিষয়ে একটি রেজল্যুশন করে জমা দেওয়ার অঙ্গীকার করেছেন।

স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য জিয়াউল হক বলেন, "প্রায় ১০ দিন আগে নোটিশ টাঙানোর কথা শুনলাম, তবে ফেসবুকে সপ্তাহখানেক আগে বিষয়টি জানতে পারি। ঘটনার সঙ্গে কারা জড়িত, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা খোঁজ নেওয়া হচ্ছে।"

ইউএনও আরও বলেন, "অতি আবেগে তারা এমনটি ঘটিয়েছেন বলে মনে হচ্ছে। তবে তারা নোটিশ দেওয়ার পর গান-বাজনার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। মসজিদ কমিটি এ ধরনের কাজ করতে পারে না এ ব্যাপারে তাদের স্পষ্ট করে জানিয়েও দেওয়া হয়েছে।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ