স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষে মরক্কো
গ্রুপ ‘সি’-তে গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। ম্যাচের মাত্র ৭১ সেকেন্ডে ইসমায়েল সাইবারির করা গোলই গড়ে দিয়েছে পার্থক্য। এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ওয়ালিদ রেগরাগুইর শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় স্কটল্যান্ড। দ্বিতীয় মিনিটেই রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে মরক্কোকে এগিয়ে দেন সাইবারি। গ্র্যান্ট হ্যানলির ভুল পাস থেকে বলের দখল নেয় মরক্কো। পরে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস পেয়ে জালে বল পাঠান সাইবারি। ভিএআরে পর্যালোচনার পর গোলটি বহাল রাখা হয়।
এই গোলটি ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোল। একই সঙ্গে এটি বিশ্বকাপ ইতিহাসে মরক্কোর দ্রুততম গোল হিসেবেও রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। এছাড়া ব্রাজিলের বিপক্ষে আগের ম্যাচেও গোল করা সাইবারি বিশ্বকাপে টানা দুই ম্যাচে গোল করা প্রথম মরক্কান ফুটবলার হয়েছেন।
গোলের পর পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে মরক্কো। বিশেষ করে প্রথমার্ধে বলের দখলে তাদের শ্রেষ্ঠত্ব ছিল চোখে পড়ার মতো। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ ও বিলাল এল খান্নুসের সমন্বিত আক্রমণে বারবার বিপদে পড়ে স্কটিশ রক্ষণভাগ।
মরক্কোর ব্যবধান আরও বাড়তে পারত। আজেদিন ওনাহির একটি জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে স্কটল্যান্ড আক্রমণে খুব একটা ছাপ ফেলতে পারেনি। কিয়েরান টিয়ার্নির একটি বিপজ্জনক ক্রস ছাড়া উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় স্টিভ ক্লার্কের দল।
পরিসংখ্যানও মরক্কোর আধিপত্যের কথাই বলছে। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে অন-টার্গেট শট ছিল মাত্র চারটি। তবে সেই সীমিত সুযোগের মধ্যেই ম্যাচের একমাত্র গোলটি তুলে নেয় মরক্কো। স্কটল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন একটি হলুদ কার্ড দেখেন।
এই ম্যাচের আগে হাইতিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ছিল স্কটল্যান্ড। জিততে পারলে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথমবারের মতো টানা দুই জয়ের ইতিহাস গড়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু সাইবারির দ্রুততম গোলেই সেই স্বপ্ন ভেঙে যায়।
ম্যাচ শেষে স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক হতাশা গোপন করেননি, তিনি স্বীকার করেছেন প্রতিপক্ষ এই ম্যাচে স্পষ্টতই ভালো খেলেছে।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন গ্রুপ ‘সি’-র শীর্ষে উঠে এসেছে মরক্কো। অন্যদিকে স্কটল্যান্ডের সংগ্রহ তিন পয়েন্ট। ফলে শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে। আর হাইতির বিপক্ষে জয় পেলে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারবে মরক্কো।
মতামত দিন